ঢাকা: প্রাথমিক শর্ত পূরণ করায় দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এই দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি’র নিবন্ধন চূড়ান্ত হলেও দলটিকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। ইসি সচিব জানান, প্রতীক নিশ্চিত করার জন্য শিগগিরই দলটিকে চিঠি দেওয়া হবে।
এর আগে এনসিপি তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে গত সপ্তাহে ইসি যে রাজনৈতিক দলের প্রতীকের গেজেট প্রকাশ করেছে, সেখানে শাপলা প্রতীকটি নেই। এই কারণে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হলেও দলটির প্রতীক এখনো নির্ধারণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এনসিপি ও জাতীয় লীগের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হলেও আরও তিনটি দলের বিষয় অধিকতর পর্যালোচনা করছে ইসি। দলগুলো হলো-
- বাংলাদেশ আম জনগণ পার্টি
- জাতীয় জনতা পার্টি
- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)
এছাড়াও, আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ—এই নয়টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নেবে ইসি।
অন্যদিকে, দ্বিতীয় ধাপের শর্ত পূরণ করতে না পারায় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টিসহ সাতটি দলের নিবন্ধন আবেদন মঞ্জুর করেনি ইসি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করলে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২২টি রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল।

