সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারের মৈনট আসার পথে স্পিড বোট ডুবে নারীর মৃত্যু, আহত ৮

দোহারের মৈনট আসার পথে স্পিড বোট ডুবে নারীর মৃত্যু, আহত ৮

দোহার (ঢাকা) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢেউয়ের আঘাতে একটি স্পিড বোটের তলা ফেটে গিয়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহত ওই নারীর নাম দুর্গা রানী রায় (৫৭)। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের মৈনট ঘাটে যাওয়ার পথে ঘাটের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর আরেকটি স্পিড বোট ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।

আহতদের মধ্যে নিহত দুর্গা রানী রায়ের তিন বছরের নাতি লক্ষণ রায় নামে একটি শিশুও রয়েছে। স্পিড বোটটির যাত্রী মাসুদ আলম জানান, স্পিড বোটে সাধারণত ১২ জন যাত্রী নেওয়ার নিয়ম থাকলেও দুর্ঘটনাকবলিত বোটে ১৮ জন যাত্রী পরিবহন করা হচ্ছিল। তিনি আরও বলেন, বোটটি দোহার এলাকার মৈনট ঘাটে পৌঁছানোর আগে নদীর স্রোত এবং ঢেউয়ের কারণে স্পিড বোটটির তলা ফেটে গিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ননী গোপাল হালদার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত ও আহত আটজনকে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে মারিয়া নামে একজনের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *