দোহার (ঢাকা): জাতীয় নির্বাচন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধকরণের দাবিতে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জয়পাড়ার হাজেরা মেনশন থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি দোহারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জোর দাবি জানান। বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন আমরা মানি না, মানবো না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আগামীতে আবার স্বৈরাচার ফিরে আসবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে ৫ই আগস্টের আগে যে সকল গণহত্যা হয়েছে, সকল গণহত্যার বিচার করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে।
সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দুআ ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, দোহার থানা শাখার সেক্রেটারি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারী ইদ্রিস আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি আমির হামজা সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

