নবাবগঞ্জ (ঢাকা): পিআরপদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না জনগণ এবং জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলার জমিনে হবে না—এমন দাবি নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগমারা স্কুলের সামনে থেকে নবাবগঞ্জ গোল চত্বর পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে। পরে সেখানে তারা সমাবেশ করে বিভিন্ন দাবি তুলে ধরেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। কালো টাকার প্রভাব ও দুর্নীতি প্রতিরোধে এ প্রক্রিয়া ছাড়া জনগণের আশা পূরণ হবে না। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে গেছে। তারা পতিত ফ্যাসিস আওয়ামী লীগের পথে হাঁটতে চায়। তারা ভোট মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিভোর। তাঁদের সে আশা কখনোই পূরণ করতে দেবে না জনগণ।
জামায়াতের এ নেতা সরকারের সমালোচনা করে বলেন, ছাত্রজনতার রক্ত মাড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। তারা দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে পারেনি। এ ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার ছাড়া এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। তিনি দোহার-নবাবগঞ্জের মানুষের জন্য শান্তি ও উন্নয়ন টেকসই করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
ব্যারিস্টার নজরুল বলেন, কোনো চাঁদাবাজ ও দখলদারদেরকে আপনারা ভোট দিবেন না। জামায়াত যদি কারো বাড়ি দোকানপাট ও প্রতিষ্ঠান দখল করে থাকে এমন একটি প্রমাণ হাজির করুন। প্রকাশ্যে তার বিচার হবে।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
মিছিল ও সমাবেশে বাগমারা থেকে ১৪টি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা সমবেত হয়ে ব্যানার, ফেস্টুন ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, দোহার উপজেলা সভাপতি ডা. শহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা নুরে আলম ঝিলু, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী প্রমুখ।

