দোহার (ঢাকা): ঢাকার দোহার পৌরসভার উদ্যোগে পৌর এলাকার অসহায় ও দুস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ ও এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোছা. সেলিনা বানু। তিনি দোহার পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় তিনি অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমেদ, ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদসহ অন্যান্য পৌর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৌর এলাকার নারীদের জীবনমান উন্নয়নে পৌরসভার এমন উদ্যোগকে উপস্থিত সকলে স্বাগত জানান।

