সর্বশেষ :
19 Oct 2026, Mon

১৩ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়া গ্রেফতার

১৩ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়া গ্রেফতার

নারায়ণগঞ্জ: প্রায় ১৪ বছর আগে স্ত্রী সখিনা বেগমকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিক মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ ১৩ বছর ধরে আত্মগোপনে থাকার পর গত ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পুরাতন বাজারে ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে শফিক তার স্ত্রী সখিনা বেগমকে (৩৮) শ্বাসরোধ করে হত্যা করেন। যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শফিক। ঘটনার দিন গভীর রাতে ক্ষিপ্ত হয়ে তিনি সখিনাকে গলা টিপে হত্যা করেন।

নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৪, তারিখ ১৫/০৯/২০১১) দায়ের করেন। মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) ১১(ক) ধারা উল্লেখ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত শফিক মিয়াকে ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, রায়ের পর থেকেই শফিক মিয়া পলাতক ছিলেন। র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে শফিক বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় আত্মগোপন করে আছেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুপুর ১২টা ৫ মিনিটে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শফিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *