টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতরভাবে দগ্ধ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সাহারা মার্কেটের ওই কেমিক্যাল কারখানায় আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর কাজ করার সময় ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
শামীম আহমেদ নেত্রকোনা জেলার বাসিন্দা। ২০০৪ সালে তিনি ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। ফায়ার সার্ভিসের এক নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

