সর্বশেষ :
19 Oct 2026, Mon

র‌্যাবের অভিযানে ফতুল্লার চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উন্মোচন, ৯ ডাকাত আটক

র‌্যাবের অভিযানে ফতুল্লার চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উন্মোচন, ৯ ডাকাত আটক

নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গত ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে এই ডাকাতির ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে শ্রমিক সেজে তিন ডাকাত বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সেখানকার নিরাপত্তারক্ষী আ. কুদ্দুস মিয়াকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এই সুযোগে আরও ১৫-২০ জন ডাকাত ভেতরে প্রবেশ করে অন্য নিরাপত্তারক্ষীদেরও জিম্মি করে মারধর করে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে, রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত, ডাকাত দল নির্মাণাধীন সাব-স্টেশনের জন্য রাখা কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ লুট করে। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৬৫ লক্ষ টাকা। ডাকাতি শেষে ডাকাতরা লুটের মাল একটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায় এবং গার্ড ও শ্রমিকদের একটি কক্ষে আটকে রেখে যায়।

এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের দোভাষী মো. সেলিম মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে র‍্যাব-১১ দ্রুত তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১-এর একটি দল ২২ সেপ্টেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি চাপাতি এবং ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো:

১. মোঃ লিটন (৩৭), ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৯টি মামলা রয়েছে।

২. মোঃ আক্তার হোসেন (৪৪)

৩. মোঃ রোমান (৩২) তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

৪. মোঃ রফিকুল ইসলাম (২৮)

৫. সাইদুল ইসলাম (৩১)

৬. সাগর মুন্সি (৩৮), তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

৭. মোঃ আরিফ (২৬)

৮. মোঃ রিয়াজ (৩৮)

৯. মোঃ শহিদুল (৪০)

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। র‍্যাব জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সূত্র: RAB 11, Narayanganj

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *