দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘলা বাজারে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী জয়পাড়া রক্তদাতা সংগঠনের উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মহতী আয়োজনে মেঘুলা বাজার ফজলে খোদা মাদ্রাসা এবং মেঘুলা বাজারের দুটি ভেন্যুতে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার এবং রক্তচাপ নির্ণয় করা হয়।
জয়পাড়া রক্তদাতা সংগঠনের এই মানবিক উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। সংগঠনের সকল সদস্য এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সেবার মনোভাব এই ক্যাম্পকে সফল করতে প্রধান ভূমিকা রেখেছে।
দিনব্যাপী এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। মেঘলা বাজার কমিটির সার্বিক সহযোগিতা ও সমর্থন এই সফলতার অন্যতম চাবিকাঠি বলে আয়োজকরা জানিয়েছেন।
ক্যাম্পে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫০ জনেরও অধিক ব্যক্তির ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। এছাড়াও, ৬০০ জনেরও বেশি মানুষের ডায়াবেটিস পরীক্ষা এবং ৬০০ জনেরও বেশি মানুষের রক্তচাপ নির্ণয় করা হয়।
জয়পাড়া রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমই এই সাফল্যের মূল শক্তি। ভবিষ্যতে এমন আরও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। একই সাথে, সকলের দোয়া ও ভালোবাসা তাদের অনুপ্রেরণা যোগাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

