দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদ্মা সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের মেজর জেনারেল (অব.) ডা. এ. আর. খান মিলনায়তনে এই প্রাণবন্ত আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক কাজী জিল্লুর রহমান, লুৎফর রহমান হাওলাদার ও মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, তোমরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক, উদ্যোক্তা ও জনসেবক গড়ে উঠবে। পদ্মা সরকারি কলেজের শিক্ষা ও অনুশাসনের মধ্য দিয়ে তোমরা যোগ্য নাগরিক হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার আসল উদ্দেশ্য কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চিন্তাশীল, মূল্যবোধসম্পন্ন ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠাই এর মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং তা মানুষকে আলোকিত ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত প্রজন্ম উপহার দিতে পারেন। তাই কেবল লেখাপড়া নয়, নৈতিকতা ও চারিত্রিক গঠনেও মনোযোগী হতে হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানকে ঘিরে পুরো কলেজ ক্যাম্পাসে এক উৎসবের আমেজ বিরাজ করে। নবীন শিক্ষার্থীদের ফুল ও গান দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথম দিনেই তারা কলেজের শিক্ষক, নীতিমালা, পরিবেশ এবং একাডেমিক কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে। শিক্ষকদের আন্তরিকতা ও শুভেচ্ছা তাদের মনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানে কলেজের বিভাগীয় প্রধান, প্রভাষক, কর্মচারীসহ প্রায় ৭৫০ জন নবাগত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সবাই অতিথিদের বক্তব্য গভীর আগ্রহের সঙ্গে শোনেন এবং তাদের থেকে ভবিষ্যতের জন্য প্রেরণা গ্রহণ করেন।

