দোহার (ঢাকা): ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার দোহার উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও তার টিমকে সহযোগিতা করে কোস্টগার্ড ও নৌ-পুলিশ।
অভিযানটি দোহারের ৩টি চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় চালানো হয়। এ সময় ৫৫০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে সেগুলো ধ্বংস করা হয়।
প্রকল্প পরিচালক জানান, দেশীয় মৎস্য সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

