দোহার (ঢাকা): আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দোহার পৌরসভা এবার জয়পাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করেছে ইন্টারনেট প্রোটোকল (IP) সংযোগসহ অত্যাধুনিক সিসি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও ভিডিও ফুটেজ সংরক্ষণের জন্য মনিটরিং এবং কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে দোহার থানায়। এর ফলে যেকোনো ধরনের অপরাধ ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি রাখা সম্ভব হবে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় পরিবহন নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য অবৈধ কার্যক্রম কঠোর হাতে দমন করা। সিসি ক্যামেরার মাধ্যমে সকল গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও ভিডিও সংরক্ষণ করা হচ্ছে। এতে অপরাধীরা সহজে চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
দোহার পৌরসভা সূত্র মতে, প্রাথমিকভাবে জয়পাড়া এলাকার কিছু নির্দিষ্ট স্থানে এই ক্যামেরা বসানো হলেও ভবিষ্যতে পুরো পৌর এলাকায় এর পরিধি আরও বাড়ানো হবে। এই পদক্ষেপের মাধ্যমে নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে পরিবহন নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অন্যান্য বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত সকলকে সতর্ক করা হয়েছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অপরাধ বা জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো ব্যক্তিই ছাড় পাবে না। এই উদ্যোগের ফলে দোহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

