ঢাকা: বাংলার নদী-নদী উপচে পড়া প্রাণচাঞ্চল্যের অন্যতম উৎসব নৌকা বাইচ। ঢাকঢোল, বাঁশির তালে পাল্লা দিয়ে ছুটে চলা নৌকা শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ জীবনের গর্বেরও প্রতীক। এই ঐতিহ্যকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষা ও প্রসারিত করার লক্ষ্যে এগিয়ে এসেছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি। আর সেই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ, বীর মুক্তিযোদ্ধা ড. আবুল হোসেন খন্দকার।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে দায়িত্বভার নেওয়ার পরপরই তিনি জানালেন তাঁর পরিকল্পনার কথা। ঐতিহ্যের গতিকে আরও এগিয়ে নিতে ঢাকার খন্দকার ল অ্যান্ড লেক্সিকন অফিসকে সংগঠনের কার্যক্রমের জন্য উন্মুক্ত করার অনুমতিও দেন তিনি।
ড. আবুল হোসেন খন্দকার বলেন, নৌকা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের হাজার বছরের কৃষ্টি-কালচারের অংশ। সব নৌকার মালিক ও আয়োজককে একই প্ল্যাটফর্মে আসতে হবে, তাহলেই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব। তবে এই আয়োজনের পথে প্রতিবন্ধকতাও কম নয়। তিনি নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে উশৃঙ্খল দর্শকদের বেপরোয়া ট্রলার ও স্পিডবোট চালানোর কারণে কোমরগঞ্জ বাইচে দুটি নৌকা ডুবে যায়। এ ধরনের দুর্ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে তিনি কড়া হুঁশিয়ারি দেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, সহ-সভাপতি বাদল, মেহেদী হাসান মিশাল, দপ্তর সম্পাদক ইহসান আন নূর, সিনিয়র সাংবাদিক মো. আলম হোসেন ও সাবেক মেম্বার শিলু।
বাংলার নদী মাতৃক ভূখণ্ডে নৌকা বাইচ শুধু আনন্দ নয়, বরং ঐক্য ও সহযোগিতার প্রতীক। নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ড. আবুল হোসেন খন্দকারের প্রত্যাশা—এই ঐতিহ্যকে সারাদেশে আরও জোরালোভাবে ছড়িয়ে দেওয়া।

