সর্বশেষ :
22 Oct 2026, Thu

পাঁচবিবিতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

পাঁচবিবিতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ঢাকঢোল, কাঁসর-ঘণ্টার ধ্বনি, আতশবাজির ঝলকানি, সিঁদুর খেলা এবং নেচে-গেয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বুধবার দশমীর সন্ধ্যার পর থেকে বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য পৌরসভার মহাশ্মশান ঘাটের দিকে রওনা দেন ভক্তরা। এ সময় প্রতিটি মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমাগুলো শ্মশানঘাট পর্যন্ত নিয়ে আসেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা ও পৌরসভার মোট ৭৯টি মন্দিরের প্রতিমা ছোট যমুনা নদীতে বিসর্জন দেওয়া হয়।

মহাশ্মশান ঘাট এলাকায় আগে থেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদসহ সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর মহাশ্মশান ঘাটে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. তুহিন রেজা, পাঁচবিবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ ও পূজা উদ্‌যাপন কমিটির কঠোর নিরাপত্তা এবং সর্বাত্মক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছর দুর্গাপূজার সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা বেশ খুশি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *