সর্বশেষ :
21 Oct 2026, Wed

‘কেয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী’ -চিকিৎসকের এমন পোস্টে সমালোচনার ঝড়

‘কেয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী’ -চিকিৎসকের এমন পোস্টে সমালোচনার ঝড়

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। ২১ অক্টোবর, বুধবার সকালে পোস্টটি করেন তিনি। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া ওই স্ট্যাটাসে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

জানা গেছে, সম্প্রতি ডা. মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আমার মনে হয়, কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী।”

একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের আইডি থেকে এমন অসংবেদনশীল ও আপত্তিকর মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ ব্যবহারকারী ও সংবাদকর্মীরা পোস্টটির কঠোর সমালোচনা করে তা শেয়ার করতে থাকেন। পোস্টটি ঘিরে সমালোচনা চরম আকার ধারণ করলে পরবর্তী সময়ে সেটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে মুছে ফেলা হয় অথবা এর প্রাইভেসি পরিবর্তন করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। সাংবাদিক নেতাদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনিয়ম-দুর্নীতি তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। এমন একটি দায়িত্বশীল পেশার মানুষকে নিয়ে একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কীভাবে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ বিষয়ে একাধিক গণমাধ্যমকর্মী জানান, ডা. মিজানুর রহমানের মন্তব্যটি শুধু আপত্তিকরই নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করার শামিল। সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে একজন কর্মকর্তা এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারেন না। আমরা তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, তালার কোনো সাংবাদিকের বিরুদ্ধে লেখা হয়নি। আমি বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে সমগ্র সাংবাদিক সমাজের উদ্দেশে লিখেছি।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম বলেন, একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বিষয়টি নজরে আসার পর জেলা স্বাস্থ্য বিভাগ ও ঊর্ধ্বতন মহলে তোলপাড় শুরু হয়েছে। সচেতন মহলের মতে, দায়িত্বশীল পদে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাক্‌সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *