ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
ইশরাক হোসেন জানান, গত দুই দিন ধরে ওই ঘটনাকে কেন্দ্র করে দেশি-বিদেশি গণমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষা এবং তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কার্যক্রম প্রশ্নবিদ্ধ না হয়, সে বিবেচনায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
তবে প্রতিমন্ত্রীর পদে না থাকলেও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান ও ব্যক্তিগত উদ্যোগে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
গত শনিবার (১৭ অক্টোবর) পুরান ঢাকার গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

