সর্বশেষ :
19 Oct 2026, Mon

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জেদ্দা-মদিনায় বাড়তি ফ্লাইট চালাচ্ছে বিমান

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জেদ্দা-মদিনায় বাড়তি ফ্লাইট চালাচ্ছে বিমান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মদিনা রুটে অধিক ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি, টিকিট ও বুকিং-সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *