আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পূজার উপহারসামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন মণ্ডল।
বুধবার সকালে খাদ্যগুদাম-সংলগ্ন স্কুলমাঠে নিজস্ব অর্থায়নে পাঁচবিবি পৌরসভা এলাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। শামীম মণ্ডল আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাসসহ শত শত নারী-পুরুষ।
পূজার উপহার হিসেবে নারকেল, চিনি ও শাড়ি পেয়ে খুশি সনাতন সম্প্রদায়ের মানুষ। তাঁরা জানান, প্রতিবছর দুর্গাপূজায় এ ধরনের উপহার পেয়ে তাঁদের আনন্দ আরও বেড়ে যায়।
এ বছর পাঁচবিবি উপজেলায় ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।

