ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পানছড়ি উপজেলার কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বহিরাগত অনুপ্রবেশ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়েও বিজিবির সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নজরদারি করছেন।
তিনি আরও বলেন, পূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছে, যাতে কেউ কোনো সমস্যায় পড়লে দ্রুত সাড়া দেওয়া যায়। এ বিষয়ে বিজিবি সব সময় সতর্ক রয়েছে।
এরই মধ্যে পানছড়ি দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিজিবি। পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষণ দল মাঠে থাকবে বলেও জানান তিনি।
গত ১৪ ও ১৫ অক্টোবর থেকে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে আসছে বিজিবি।

