মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ দমন, মাদক উদ্ধার ও অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. লোকমান মিয়া (২৯), মো. সোহান মিয়া (২৫) ও মো. ফারুক মিয়া (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে আরও এক অভিযুক্ত পালিয়ে যান।
অন্যদিকে, একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. রাকিব মিয়া (২৫), মো. রকি মিয়া (১৯), তানজিম (১৯) ও আবু সালাম (৫০)। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া অভিযানে আটক আকরাম হোসেনকে (২০) ছয় মাস এবং অনিক মিয়াকে (২৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ইজাজুল হক।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযান প্রসঙ্গে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে থানা-পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

