আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ১৪৮ বছর আগে ইট, চুন-সুরকি দিয়ে ব্রিটিশ সরকার জয়পুরহাটের পাঁচবিবি-হিলি রেলপথে পরিত্যক্ত বাগজানা স্টেশনের দক্ষিণ পাশে ২৮৩ নম্বর গার্ডার ব্রিজটি নির্মাণ করে। একসময় ব্রিটিশরা ঈশ্বরদী থেকে পার্বতীপুর হয়ে এই রেলপথ দিয়ে দার্জিলিং পর্যন্ত মেইল ও লোকাল ট্রেন চালাত। ১৮৭৮ সালে নির্মাণের পর কালভার্টটি আর সংস্কার করা হয়নি। দীর্ঘ কয়েক বছর ধরে নিয়মিত ট্রেন চলাচলের কারণে ব্রিজের পিলারে ফাটল ধরেছে। ফলে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। ব্রিজ অতিক্রমের সময় অতিরিক্ত শব্দ ও ট্রেনের ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কে থাকেন।
১৪৮ বছর পর ১০ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বক্স কালভার্ট হিসেবে পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। বুধবার সকাল থেকে বিকল্প পথে ট্রেন চলাচলের জন্য শতাধিক কর্মচারী রেললাইন স্থাপন করছেন। অস্থায়ী রেললাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করতে দেখা যায়। এই রেলপথে প্রতিদিন ২০ জোড়া ট্রেন উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে নিয়মিত চলাচল করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (সেতু) হাসান আলী বলেন, ব্রিটিশ আমলে চুন-সুরকি ও ভাতের মাড় দিয়ে নির্মিত ব্রিজের পিয়ারের কার্যক্ষমতা নষ্ট হয়েছে। ট্রেন চলাচলের সময় ব্রিজটি ঝাঁকুনি খায় ও কেঁপে ওঠে। পুরোনো ব্রিজগুলো ভেঙে আরসিসি ঢালাইয়ের কালভার্ট নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, ঈশ্বরদী-পার্বতীপুর রেলপথে ১১২টি ছোট-বড় ব্রিজ রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো পর্যায়ক্রমে ভেঙে পুনর্নির্মাণ করা হবে।

