সর্বশেষ :
19 Oct 2026, Mon

রৌমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ১৫টি ট্যাব বিতরণ

রৌমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ১৫টি ট্যাব বিতরণ

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রথম দফায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একজন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারীর হাতে ১৫টি ট্যাব তুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে এসব আধুনিক ডিজিটাল ট্যাব তুলে দেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ড. মো. গোলাম সারওয়ার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের এফএস মো. আবদুল্লাহ হেল কাফী, ইউনিয়ন সমাজকর্মী জাহিদুল ইসলাম ও সমাজকর্মী তানজিনা ইয়াছমিন।

অনুষ্ঠানে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ফ্যামিলি কার্ড নির্দেশিকা ও খানার তথ্যভান্ডার প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

তিনি জানান, মাঠকর্মীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবের মাধ্যমে প্রতিটি বাড়িতে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন এবং তা সরাসরি অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করবেন। পুরো প্রক্রিয়ার সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপন করা হয়েছে। এ ছাড়া পিএমটি (PMT) পদ্ধতিতে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের সব যোগ্য নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *