সর্বশেষ :
19 Oct 2026, Mon

অবশেষে নাটোর থেকেই উদ্ধার হলো জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ

অবশেষে নাটোর থেকেই উদ্ধার হলো জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ

মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুম থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ চুরির পাঁচ দিন পর তাঁর হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম অন্তর কুমার (১৯)। তিনি নাটোর শহরের রসুলের মোড় এলাকার অমল কুমার সাহার ছেলে এবং ওই দোকানের কর্মচারী।

সদর থানা-পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে লোকেশন ট্র্যাক করে ওই দোকানে যায় পুলিশ। সে সময় দোকানটি বন্ধ করে কর্মচারী ও মালিক বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে কর্মচারী অন্তর দোকানে ল্যাপটপটি রাখার কথা জানান। পরে দোকান খুলে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

দোকানের মালিক আব্দুর রাজ্জাক ওই কর্মচারী ও তাঁর পরিবারের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার অন্তরের মা-বাবা সান্তাহার-মাধবদী এলাকায় অন্তরের মামার বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। এ সময় তাঁরা তাঁদের বসার আসনের নিচে ল্যাপটপটি পান। রোববার দুপুরে রাজশাহীতে অন্তরের বাবার চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফেরেন। বিকেল ৪টার দিকে অন্তর বাড়িতে খেতে গেলে মা-বাবার কাছ থেকে বিষয়টি বিস্তারিত জানতে পারেন। এরপর দোকানে আসার সময় ল্যাপটপটি সঙ্গে নিয়ে আসেন এবং কাউকে না জানিয়ে দোকানের এক জায়গায় রেখে দেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, উদ্ধার করা ল্যাপটপটি যে জার্মান পর্যটকের, তা নিশ্চিত হয়েছে পুলিশ। বিষয়টি ওই পর্যটককে জানানো হয়েছে। অন্যান্য সামগ্রী উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *