দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন- সুতারপাড়া এলাকা থেকে মো. সুমন (৩৬), পিতা আব্দুর রব; মোহাম্মদ রবিউল ফকির (২৮), পিতা হারুন ফকির; আন্তা এলাকা থেকে মো. রুবাব (৩০), পিতা শেখ লিকন; সাইনপুকুর এলাকার এয়ার খানের ভিটাবাড়ি থেকে মো. শুভ খান (২৪), পিতা আব্দুর রাজ্জাক; পালামগঞ্জ এলাকা থেকে মাসুদ রানা (২৪), পিতা তোতা মিয়া এবং সায়েম হোসেন (২৬), পিতা ইদ্রিস আলী।
অভিযানে আটক ছয়জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

