আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি বাজারে নারিকেল ও গুড় কেনার ধুম পড়েছে। পূজা যতই ঘনিয়ে আসছে, ততই পরিবারের ছোট-বড়দের জন্য নতুন জামাকাপড় কেনার পাশাপাশি নাড়ু ও মোয়া তৈরির জন্য নারিকেল ও গুড় কেনার হিড়িক বাড়ছে।
সরেজমিনে পাঁচবিবি বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী মো. ফরহাদ খন্দকার জনি নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন। তাঁর দোকানের চারপাশে থরে থরে সাজানো রয়েছে ছোট-বড় বিভিন্ন আকারের নারিকেল।
ফরহাদ খন্দকার বলেন, গত বছরের তুলনায় এ বছর নারিকেলের দাম অনেক কম। গত বছর এক জোড়া নারিকেল ২১০ থেকে ২৮৯ টাকায় বিক্রি হলেও এ বছর তা ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। পূজার আরও কয়েক দিন বাকি রয়েছে। শেষ দিকে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছি।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান আদিবাসী পল্লীর বাসিন্দা মারিয়া সরেন পাঁচবিবি বাজারে নারিকেল কিনতে এসেছেন। তিনি বলেন, গত বছর পূজায় বাড়িতে লোকজন বেশি থাকায় চারটি নারিকেল কিনেছিলাম। এবার কিনেছি দুটি। গতবারের তুলনায় নারিকেলের দাম কমলেও গুড়ের দাম বেড়েছে।
অন্যদিকে, বাগজানা ইউনিয়নের চকশমসের হিন্দুপাড়ার বাসিন্দা কার্তিক চন্দ্র দুর্গাপূজা উপলক্ষে নাড়ু ও মোয়া তৈরির জন্য ছয়টি বড় নারিকেল ও গুড় কিনেছেন। তিনিও জানান, গত বছরের তুলনায় এ বছর নারিকেলের দাম অনেক কম।
ফরহাদ খন্দকার জনিসহ অন্যান্য দোকানিরা জানান, গত বছরের তুলনায় এ বছর নারিকেলের দাম কমলেও গুড়ের দাম স্বাভাবিক রয়েছে।

