আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই সঙ্গে দেশটির বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরটিতে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায়। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয় এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর ও সৌদি আরামকোর দুটি স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ব্রিটিশ দূতাবাস নাগরিকদের সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে।
এদিকে, নিরাপত্তাঝুঁকির কারণে রিয়াদের স্কুলগুলোতে সাময়িকভাবে অনলাইন পাঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা উদ্বেগের মধ্যেও রাজধানীতে আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন নির্ধারিত সময়েই শুরু হয়েছে।

