সর্বশেষ :
19 Oct 2026, Mon

রাজিবপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ

রাজিবপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ

মো. সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ম্যাকডোয়েলস (McDowell’s) মদ জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহলের অংশ হিসেবে বালিয়ামারী কোম্পানি সদরের এসআইপি সদস্য ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলাম অভিযানে অংশ নেন। সীমান্তের মেইন পিলার ১০৭২/২-আর থেকে প্রায় ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপারীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আকরাম। এ সময় টহল দলে আরও ছিলেন ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলাম, সিপাহি মো. আকাশ, সিগন্যাল সিপাহি মো. সাগর মিয়া, সিপাহি মো. সৈলেন এবং সিপাহি সাই সাই মং ত্রিপুরা।

অভিযানকালে ৪৮ বোতল ভারতীয় ম্যাকডোয়েলস মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

জব্দ করা মদের বিষয়ে রাজিবপুর থানায় মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে মদগুলো ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে এবং সেগুলো ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *