সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলাকাকে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইমুক্ত করার লক্ষ্যে এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন রামদী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মজনু মিয়ার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টাই পারে একটি সমাজকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে। আমাদের লক্ষ্য কুলিয়ারচর থেকে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই নির্মূল করা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

আগরপুর বাজার, আগরপুর বাসস্ট্যান্ড ও বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ডের অলিগলিসহ ল্যাম্পপোস্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব।

সভায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার। তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি সর্বদা সোচ্চার। কুলিয়ারচরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সামাজিক অনাচার প্রতিরোধে আমরা পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন সাফি মিয়া, সিনিয়র সহসভাপতি অলি আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হাসান নাজিম, রামদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, আগরপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক সাফি মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আবু বাক্কার মাস্টার ও মো. বাদল মিয়াসহ অনেকে।

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এ কাজে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *