বাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে সাহসিকতা ও পেশাদারত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম। অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে নিরলসভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি গাইবান্ধা জেলার ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা পেয়েছেন। তাঁর এ অর্জনে গোবিন্দগঞ্জ থানাসহ জেলা পুলিশের সদস্যরা গর্বিত।
চৌকস ও দূরদর্শী এই পুলিশ কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানায় যোগদানের পর থেকেই মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দিন-রাত পরিশ্রম করে এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি একের পর এক অভিযান পরিচালনা করেছেন। বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে তিনি ভূমিকা রাখছেন।
এসআই মমিনুল ইসলামের মাদকবিরোধী তৎপরতার কারণে গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার হয়েছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের মতে, মাদকবিরোধী অভিযানে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। তাঁর এ কার্যক্রমে স্থানীয় মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও জোরদার হচ্ছে।
সাহস, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে অর্জিত এ স্বীকৃতি গোবিন্দগঞ্জ থানার ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। তাঁর শুভাকাঙ্ক্ষীরা জানান, এ সম্মাননা শুধু একটি পুরস্কার নয়; বরং তাঁর সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
গাইবান্ধা জেলার এই সাহসী পুলিশ কর্মকর্তা এসআই মো. মমিনুল ইসলামের প্রতি রইল শুভকামনা ও অভিনন্দন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাঁর এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক- এমন প্রত্যাশা সবার।

