সর্বশেষ :
19 Oct 2026, Mon

এক হাতে বার্গার, অন্য হাতে ছেলের স্বপ্ন- সংগ্রামী মা জলি

এক হাতে বার্গার, অন্য হাতে ছেলের স্বপ্ন- সংগ্রামী মা জলি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): প্রচণ্ড গরম, কখনো আবার বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজ হাতে চিকেন ফ্রাই ও বার্গার তৈরি করে বিক্রি করছেন সংগ্রামী মা জলি বেগম। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা পৌর পার্কের সামনের সড়কে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলে তার এই ক্ষুদ্র ব্যবসা। তিনি তার মিনি চাইনিজ দোকানটির নাম দিয়েছেন “বেস্ট কোয়ালিটি”।

জলির বাড়ি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়া কেশবপুর গ্রামে। তিনি জানান, শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় অন্য দিনের তুলনায় বেচাকেনা ভালো হয়। এই দোকান থেকে অর্জিত অর্থ দিয়েই তিনি তার একমাত্র ছেলেকে বগুড়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাচ্ছেন।

সংগ্রামী জলি বেগম বলেন, প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গরম, বৃষ্টি ও রাস্তার পাশের ধুলাবালি উপেক্ষা করে এত কষ্ট করছি শুধু আমার একমাত্র আদরের বুকের মানিক ছেলেকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তার স্বামীও এ কাজে তাকে সহযোগিতা করেন।

জলি বেগমের “বেস্ট কোয়ালিটি” মিনি চাইনিজ রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাচ্ছিলেন মো. ইফাত আল সানি। তিনি বলেন, বেস্ট কোয়ালিটি দোকানের চিকেন ফ্রাই আকারেও বড়, খেতেও সুস্বাদু। মজার বিষয় হলো, এখানে ৬০ টাকায় পাওয়া গেলেও একই ধরনের খাবার চাইনিজ রেস্টুরেন্টে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। আধুনিক রেস্টুরেন্টের তুলনায় জলির মিনি রেস্টুরেন্টের চিকেন ফ্রাই ও বার্গার আকারে বড় এবং মানেও ভালো। প্রতিকূল পরিবেশে একজন উদ্যমী মা সন্তানকে বড় মানুষ করার জন্য যে সংগ্রাম করছেন, সেই লড়াই যেন বিফলে না যায়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *