বাবু (গোবিন্দগঞ্জ): গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় জহুরুল প্রধান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল প্রধান ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জহুরুল প্রধানের সঙ্গে প্রতিবেশী জিহাদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে জিহাদ বাড়ির পাশে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে তিনি সেখানে গিয়ে বাধা দেন। এতে জিহাদ ক্ষুব্ধ হয়ে জহুরুলকে হাত দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। একপর্যায়ে জিহাদ জহুরুলের বুকে জোরে ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, এর আগেও জিহাদ তাদের বাড়ির জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে তারা বাধা দেন। পরে জিহাদ সালিশ ডাকেন। আমিন দিয়ে জায়গা মাপার পর দেখা যায়, সেখানে জিহাদের কোনো জায়গা নেই। চূড়ান্ত সালিশে জিহাদ তাদের সঙ্গে মিলেমিশে থাকার কথা বলেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় জিহাদ তার স্বামীকে অনবরত আঘাত করেন। একপর্যায়ে বুকে জোরে ধাক্কা দিলে তিনি মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোসহ মামলার প্রস্তুতি চলছে।

