শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের চা শ্রমিক ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বৈষম্য বন্ধে শক্ত আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। তারা বলেন, কম মজুরি, শিক্ষা, চিকিৎসা, সরকারি সেবা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
সম্প্রতি কমলগঞ্জ উপজেলার কুরুঞ্জি চা বাগানের কুরুঞ্জি সার্বজনীন কালীমন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
ডিনেটের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় গারো, খাসিয়া, ওরাঁও, মুন্ডা, কন্দ ও পাহান সম্প্রদায়ের প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি খুবই কম। অনেক শ্রমিক দিনে প্রায় ১৭৮ টাকা আয় করেন। উৎপাদন কম হলে কেউ কেউ এর চেয়েও কম পান। বিকল্প কাজের সুযোগ না থাকায় চা বাগানের ওপরই তাদের নির্ভর করতে হয়।
তারা আরও বলেন, শিশুদের পড়াশোনার সুযোগ বাড়ানো, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা, উপবৃত্তি, চিকিৎসা, নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, দুর্বল সড়ক যোগাযোগ এবং সরকারি কৃষি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও তারা নানা সমস্যার কথা তুলে ধরেন।
সরকারি সেবা নিতে গিয়েও অনেকেই সমস্যার মুখে পড়েন বলে অভিযোগ করেন তারা। এসব বিষয় প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।
আয়োজকরা বলেন, দেশের পিছিয়ে থাকা মানুষের কথা শুনে তাদের সমস্যাগুলো আইনে তুলে ধরতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

