সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের চত্লাকান্দা থেকে কলমের চর জামে মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক ওমর ফারুক আহমেদ।
স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। সংস্কারের পর পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার অবহেলিত ও চলাচলের অনুপযোগী গ্রামীণ সড়কগুলো পর্যায়ক্রমে নিজ অর্থায়নে সংস্কার করে দিচ্ছেন ওমর ফারুক আহমেদ। জনদুর্ভোগ লাঘবে তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার দাবি জানান তারা।
এলাকাবাসী হায়দার আলী, সহেল রানা, এনামুল ও তরুণ সমাজের হাফিজুর রহমানসহ স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ওমর ফারুক ভূমিকা রাখছেন বলে জানান তারা।
ওমর ফারুক আহমেদ বলেন, জনগণ চাইলে আমি চেয়ারম্যান প্রার্থী হতে প্রস্তুত। তবে আমি চেয়ারম্যান হই বা না হই, মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব। যতদিন বেঁচে থাকব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।

