বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মোট ১৩টি মামলায় ২৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় একজন আসামিকে নগদ ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিনে অপর একটি পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারায় মোট ১২টি মামলা পরিচালনা করেন। এসব মামলায় ১২ জন আসামিকে সর্বমোট ২৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত পৃথক দুটি অভিযানে মোট ১৩ জন আসামির কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

