সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিদ্যালয়ের সামনে মানববন্ধন

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী ও অভিভাবকেরা। একই সঙ্গে প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগপত্র ও মানববন্ধন সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। তবে বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ও পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুনাম ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। একই সঙ্গে বর্তমান প্রধান শিক্ষককে বদলি করে অন্য শিক্ষককে পদায়নের দাবিও জানান তারা।

রোববার বিদ্যালয়ের সামনে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এসব দাবিতে প্রতিবাদ জানান। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহিনুর ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য রিপন চৌধুরী ও আইয়ুব আলী, শাহজাহান, নাহিদ হাসান, আরিফুল, মিজানুর চৌধুরী এবং দাতা সদস্য শাহাদত হোসেন চৌধুরীসহ অনেকে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওরিন আফরিন বলেন, ‘প্রধান শিক্ষক ছুটিতে থাকায় আমি দায়িত্বে আছি। উক্ত ঘটনার বিষয়ে তেমন কিছু জানি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিধিমোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *