নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. জুলকার নাঈম ওরফে অর্ণব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। পরে আদালতের সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। এ সময় বাজারের ব্যবসায়ী জিল্লুরের গোডাউন থেকে মো. জুলকার নাঈম ওরফে অর্ণবকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার অর্ণব পাবনা পাড়ার মো. বকুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড় বলে জানা গেছে।
পরে গ্রেফতার অর্ণবকে নলডাঙ্গা, নাটোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, মাদকবিরোধী অভিযানে গ্রেফতারের পর অর্ণবকে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

