দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ এবং উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার হৃদ-লহরী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার ও দোহার পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য বলেন, অসচ্ছল ও দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা পেয়ে এসব পরিবার নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মনোনীত অসচ্ছল ও দুস্থ উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

