সর্বশেষ :
19 Oct 2026, Mon

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানান।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *