সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৩ আসামি গ্রেপ্তার: একজনের ১৬৪ ধারায় জবানবন্দি

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৩ আসামি গ্রেপ্তার: একজনের ১৬৪ ধারায় জবানবন্দি

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং একই উপজেলার রিচি গ্রামের আল আমিন ইসলাম (২০)। জুয়েল মিয়া ওরফে সোহেল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী কিশোরী কর্মস্থলে যাওয়ার পথে শ্রীমঙ্গল পৌরসভার উকিলবাড়ী রোড এলাকায় পৌঁছালে আসামিরা একটি অটোরিকশাযোগে তাকে জোরপূর্বক তুলে নেন। পরে তাকে ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া করা বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে আসামিরা কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে আসামিরা ভুক্তভোগীকে শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক ৩০ সেপ্টেম্বর সকাল সোয়া ১১টার দিকে হবিগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন শাহী ঈদগাহ মাঠের পাশ থেকে জুয়েল মিয়া ওরফে সোহেলকে গ্রেপ্তার করেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইছবপুরে দুলাল মিয়ার ভাড়া বাসা থেকে দুলাল মিয়া ও আল আমিন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ওরফে সোহেল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *