মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকার মিরপুর-১-এর পাইকপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীনগর থানা-পুলিশের যৌথ দল তাকে আটক করে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান। তিনি জানান, শরিফুজ্জামান মিরপুর-১ এলাকায় তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে মুন্সীগঞ্জে নিয়ে আসা হয়েছে। বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
শরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক সরফুদ্দিন। পরে পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ২৫৫ জন গ্রাহক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে রোববার ১৮৪ জন, সোমবার ৪৬ জন এবং মঙ্গলবার ২৫ জন অভিযোগ করেন। এসব অভিযোগে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত পাওনা দাবি করা হয়েছে। অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে অর্থের প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার শাখাগুলোর দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা একজনকে অভিযুক্ত করে জিডি করেছি। একই সঙ্গে আত্মসাতের ঘটনায় ব্যাংকের আরও কেউ জড়িত কি না এবং অর্থের প্রকৃত পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা দুদকের উপপরিচালক ইসমাঈল হোসেন জানান, গত শুক্রবার ব্যাংক থেকে একটি জিডি দুদকে পাঠানো হয়েছে। জিডিটি রোববার প্রধান কার্যালয়ে পাঠানো হয়। কমিশন পরবর্তী অনুসন্ধান বা তদন্তের বিষয়ে যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী কাজ করা হবে। এরপরই ঘটনার প্রকৃত চিত্র জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তাই শরিফুজ্জামানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হবে।

