আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা এলাকার জাপানীবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।
পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লেখা থানার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসানের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

