আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে টিউবওয়েল অকেজো থাকায় পানিশূন্য হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, টয়লেটের জন্য স্থাপন করা পানির পাম্পটিও এক সপ্তাহ আগে নষ্ট হয়ে যাওয়ায় পুরো বিদ্যালয়টি এখন পানিশূন্য হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পানির অভাবে টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করতে নিষেধ করলেও বাধ্য হয়ে তারা প্রস্রাব করছে। টয়লেটের পাশেই ক্লাসরুম হওয়ায় তীব্র দুর্গন্ধের মধ্যে অনেকটা কষ্ট করে ক্লাস করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাবেয়া বসরী ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. তামিম হাসানসহ অনেক শিক্ষার্থী জানায়, ‘টয়লেটের দুর্গন্ধে ঠিকমতো ক্লাস করা যায় না। এতে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।’
বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির যেসব শিক্ষার্থী বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসে, তাদের খাবারের আগে ও পরে হাত ধোয়ার জন্য অন্যত্র যেতে হচ্ছে।
এ বিষয়ে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে অন্যান্য শিক্ষকের মনোমালিন্য থাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে আরও অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে তাঁরা দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, ‘স্কুলের টিউবওয়েল ও টয়লেটের পাম্প দুটিই নষ্ট। এতে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা সবাই কষ্টে আছি। টয়লেটের পাম্পটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম জুবায়ের আলম বলেন, ‘পানির পাম্প অকেজো হওয়ার বিষয়টি আমাকে সরাসরি জানানো হয়নি। হয়তো সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে পানির সমস্যা দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

