বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় পাহাড়ে হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে জুমিয়ারা লাশটি দেখতে পান। পরে তারা স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা লামা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মো. ছগির লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে লাশের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের স্বজনরা লাশের পরিচয় নিশ্চিত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

