দোহার (ঢাকা): দোহার-নবাবগঞ্জ উপজেলার ১৬১ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনের সার্বিক ব্যয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ব্যারিস্টার নজরুল ইসলাম।
এই প্রকল্পের আওতায় একজন ছেলে শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশের আগ পর্যন্ত এবং একজন মেয়ে শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ কিংবা বিয়ের আগ পর্যন্ত তার শিক্ষা-সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবেন ব্যারিস্টার নজরুল ইসলাম।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার তিনটি স্থানে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ১৬১ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীর পড়াশোনা যাতে আর্থিক সংকটের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করে স্বাবলম্বী হওয়ার পথে সহযোগিতা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

