হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস কুকিজেসিক ইনজেকশন ও দেশীয় ধারালো অস্ত্রসহ রিপন আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটক রিপন আহমেদ হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় রিপনের বাড়ি থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস কুকিজেসিক ইনজেকশন, একটি দেশীয় রামদা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
পরে আটক রিপন ও জব্দ করা মালামাল হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক রিপনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯ মার্চ ও ২২ মার্চ হত্যা চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর মারপিট, রক্তাক্ত জখম ও চুরির অভিযোগে মামলা, ২০২৪ ও ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ২০২৩ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর হিলিতে পৌর যুবদল থেকে বহিষ্কারের পর এক যুবদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় তাঁর বিরুদ্ধে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

