সর্বশেষ :
19 Oct 2026, Mon

সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা, গণসংযোগ শুরু

সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা, গণসংযোগ শুরু

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে চায়ের কাপে বইছে আগাম ভোটের হাওয়া। হাট-বাজার কিংবা মোড়ের আড্ডা- সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোটারদের আস্থা অর্জন ও দোয়া প্রার্থনায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় কুলিয়ারচর উপজেলার ৬ নম্বর সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার ডুমরাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে গণসংযোগ করেন তিনি।

এর আগে গত ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ডুমরাকান্দা বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে আসন্ন সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পরে নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে ডুমরাকান্দা বাজারের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করে সবার দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সুধী সমাবেশ ও গণসংযোগকালে সালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগের দিন ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিজ ওয়ার্ডের নেতাকর্মী ও নিজ গ্রাম উত্তর সালুয়ার বাসিন্দাদের নিয়ে এলাকায় একটি মতবিনিময় সভা করেন তিনি। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। মহান আল্লাহর রহমতে আমার যা আছে, তা নিয়েই আমি সন্তুষ্ট। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সালুয়া ইউনিয়নের শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য।

সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের প্রয়াত মুছলেহ উদ্দিনের ছেলে সমাজসেবক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ১৯৯১ সালে সালুয়া ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দল তাঁকে সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব দেয়। বর্তমানে তিনি সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি তিনি সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সালুয়া ঈদগাহের সাধারণ সম্পাদক, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং নিজ গ্রাম উত্তর সালুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকায় ‘এনডিএন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস’-এর স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করছেন।

এলাকাবাসীর মতে, দেলোয়ার হোসেন এলাকার একজন সুশিক্ষিত, সৎ, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি। বিপদে-আপদে কিংবা যেকোনো প্রয়োজনে তাঁর কাছে গিয়ে কেউ কখনো খালি হাতে ফিরে আসেননি বলে দাবি স্থানীয়দের। তাঁর এই পরিচিতি ও স্থানীয় পর্যায়ের গ্রহণযোগ্যতা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *