সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ‘বাংলাদেশ ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন-২’ অনুষ্ঠিত

নলডাঙ্গায় ‘বাংলাদেশ ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন-২’ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): বাংলাদেশের খাদ্য ও রন্ধন ঐতিহ্যে মাছের বিশেষ গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ফিশ রেসিপি প্রতিযোগিতা সিজন-২’। এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হোটেল ওয়েলসে অনুষ্ঠিত হয়েছে ‘শেফস চয়েস- মাছে মাছে বাঙালিয়ানা’ প্রতিযোগিতা।

‘উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (WCAB) ও ‘স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অব কালিনারি আর্টস’ (SICA)-এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করছে ‘শেফস চয়েস- নিউজিল্যান্ড ডেইরি, বাংলাদেশ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক কল্পনা তাহমান, ক্রিস্টাল গ্রেইনস লিমিটেডের বিজনেস হেড মাসুম খান এবং সংগঠনটির সভাপতি নাজমা হুদাসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, দেশের আটটি বিভাগের গৃহরাঁধুনি, ভোজনরসিক ও পেশাদার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। মাছকে মূল উপাদান রেখে ‘শেফস চয়েস’-এর ডেইরি পণ্য ব্যবহার করে সৃজনশীল ও বৈচিত্র্যময় রেসিপি তৈরির মাধ্যমে প্রতিযোগীরা এতে অংশ নেবেন।

প্রতিযোগিতার প্রথম ধাপে দেশের আটটি বিভাগে বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজন করে মোট ২৪ জন প্রতিযোগী সেমিফাইনালে অংশ নেবেন। সেমিফাইনাল থেকে নির্বাচিত ১২ জন প্রতিযোগী ঢাকার SICA ক্যাম্পাসে গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখান থেকে সেরা তিনজনকে জাতীয় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় তিন সদস্যের বিচারক প্যানেল থাকবে। এতে ঢাকা থেকে একজন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে দুজন রন্ধন বিশেষজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আয়োজকদের প্রত্যাশা, সারাদেশ থেকে পাঁচ শতাধিক গৃহরাঁধুনি এ প্রতিযোগিতায় অংশ নেবেন। পাশাপাশি ডিজিটাল, প্রিন্ট ও সরাসরি প্রচারণার মাধ্যমে ব্যাপক দর্শক সম্পৃক্ততা তৈরি হবে।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী মাছের রেসিপিগুলোকে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি ‘শেফস চয়েস’ পণ্য ব্যবহার করে তৈরি উদ্ভাবনী রেসিপির একটি সমৃদ্ধ সংগ্রহ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *