আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল- কী নেই সেখানে! সবুজের এই পসরা নিয়ে গত ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে বসছেন চারা বিক্রেতা বেলাল হোসেন।
বেলাল হোসেনের জন্ম নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার এলাকায়। ছোটবেলা থেকেই গাছের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি নার্সারি। নিজের নার্সারিতেই তিনি বিভিন্ন জাতের ফল ও ফুলের চারা উৎপাদন করেন।
বেলাল হোসেন বলেন, তাঁর নার্সারিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল ও ফুলের চারা পাওয়া যায়। ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছের চারা। এসব চারা তিনি সুলভ মূল্যে বিক্রি করেন।
তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে ফুটপাতে আমার নার্সারিতে উৎপাদিত বিভিন্ন জাতের ফল ও ফুলের চারা সুলভ মূল্যে বিক্রি করে আসছি। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে।
স্থানীয়রা জানান, বেলালের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান সাজিয়েছেন। তাঁর চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।
দীর্ঘ ২০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রি করায় বেলাল হোসেন এখন পাঁচবিবির মানুষের কাছে পরিচিত মুখ। তাঁর এই উদ্যোগ পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

