আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২২টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, পরিসংখ্যান কর্মকর্তা মো. রিপন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওবায়দুল হক এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

