সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাককে চান নাগরিক ও ভক্তরা

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাককে চান নাগরিক ও ভক্তরা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কুলিয়ারচর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে যোগ্য ও কাঙ্ক্ষিত প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ নূরুল ইশরাক। কুলিয়ারচর পৌরসভার খরকমারা গ্রামের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই তরুণ নেতাকে পৌরসভার অভিভাবক হিসেবে পেতে জোর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও ভক্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমানে তাঁকে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। তরুণ এই সম্ভাবনাময় রাজনৈতিক ব্যক্তিত্বকে মেয়র পদে দেখতে চেয়ে নানা বার্তা, পোস্টার ও শুভেচ্ছাসংবলিত পোস্ট শেয়ার করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

নূরুল ইশরাকের ধমনীতে বইছে কুলিয়ারচরের সেবা ও রাজনীতির দীর্ঘ ঐতিহ্যের রক্ত। তিনি কুলিয়ারচরের উন্নয়নের প্রাণপুরুষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার দুবারের সাবেক মেয়র এবং স্বর্ণপদকপ্রাপ্ত কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চারবারের সফল চেয়ারম্যান প্রয়াত নূরুল মিল্লাতের সুযোগ্য সন্তান। তাঁর পিতামহ (দাদা) মরহুম মৌলভী আবুল কারাহ মোহাম্মদ নুরুল্লাহ দীর্ঘ ৪২ বছর কুলিয়ারচর ইউনিয়ন বোর্ড কাউন্সিলের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য এবং এলাকায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা।

বংশানুক্রমিক জনসেবার এই ধারায় নূরুল ইশরাকও নিজেকে তৈরি করেছেন তৃণমূলের মানুষের আস্থার প্রতীক হিসেবে। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মো. শরীফুল আলমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি যুবদলের একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে রাজপথে সুপরিচিত।

স্থানীয়দের মতে, কুলিয়ারচরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক, মডেল পৌরসভা গঠনে নূরুল ইশরাকের মতো একজন শিক্ষাদীপ্ত, তরুণ ও ঐতিহ্যবাহী পরিবারের প্রতিনিধি অত্যন্ত প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এই ব্যাপক উদ্দীপনা ও জনদাবির বিষয়ে স্থানীয়রা বলছেন, পূর্বসূরিদের মতো নূরুল ইশরাকও কুলিয়ারচরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবেন- এটাই সবার প্রত্যাশা।

পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নূরুল ইশরাক বলেন, দলীয় সিদ্ধান্ত পেলে তিনি মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *